১০ ঘণ্টার চেষ্টায় বাঁধ সংস্কার
>

নওগাঁ সদর উপজেলার ইকরতাড়া এলাকায় গতকাল ভোরে যমুনার পূর্ব তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ ফুট ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে
ভোর হলেও অন্ধকারের রেশটা তখনো কাটেনি। বিভিন্ন গ্রাম থেকে মাইকে ঘোষণা আসছিল, ছোট যমুনার বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। ঘোষণা শুনে সেই কাকডাকা ভোরেই ছুটে এলেন লোকজন। তাঁদের ১০ ঘণ্টার চেষ্টায় বাঁধটি মেরামত হলো; বানের হাত থেকে রক্ষা পেল লোকালয়।
নওগাঁ শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সদর উপজেলার ইকরতাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এই ইকরতাড়ায় রয়েছে ছোট যমুনা নদীর তীর রক্ষা বাঁধ।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, ছোট যমুনায় পানি বাড়ায় পাঁচ-ছয় দিন ধরেই বাঁধের প্রায় এক কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাবাসী বাঁধের বিভিন্ন স্থানে বাঁশ পুঁতে এবং বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু শেষরক্ষা আর হয়নি। গতকাল ভোর পাঁচটার দিকে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ইকরতাড়া এলাকায় যমুনার পূর্ব তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ ফুট ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।
বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে বাঁধ সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ঘোষণা শুনে বিপুলসংখ্যক লোক তাৎক্ষণিকভাবে বাঁশ ও বস্তা নিয়ে ভাঙা বাঁধের কাছে ছুটে আসেন। তখন থেকে বেলা তিনটা পর্যন্ত এলাকাবাসীর প্রাণান্তকর চেষ্টায় ভাঙা স্থানটি সংস্কার করা সম্ভব হয়। এতে নওগাঁ পৌরসভার পার নওগাঁসহ সদর উপজেলার তিলকপুর ও বোয়ালিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। অবশ্য বাঁধ সংস্কারের আগেই আশপাশের ছয়টি গ্রাম প্লাবিত হয়।
ইকরতাড়া গ্রামের কৃষক জয়নাল আবেদিন বলেন, বাঁধ ভাঙার ১০ মিনিটের মধ্যে গ্রামে পানি ঢুকে যায়। তাঁর একমাত্র সম্বল পাঁচ বিঘা ধানখেত তলিয়ে গেছে। তবে বাঁধ মেরামতের ফলে পানি ঢোকা বন্ধ হওয়ায় আপাতত কোনো শঙ্কা নেই।
তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, দশে মিলে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। এই এলাকার লোকজন সেই কথাকে আরও একবার প্রমাণ করে দেখালেন। বিপদকে মোকাবিলায় সবাই যেভাবে এগিয়ে এসেছেন, এটা সত্যিই অভূতপূর্ব।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, বাঁধের ভাঙা অংশ মেরামতে প্রাণপণ লড়াই করছেন শত শত লোক। ভাঙা অংশের অনেক দূর থেকে তীব্র স্রোতের মধ্যে বাঁশ পুঁতে বেড়া দিয়ে এবং বালুর বস্তা ফেলা হচ্ছিল।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নওগাঁর জেলা প্রশাসক আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। তাঁরা ভাঙা বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামতের এ কাজে স্থানীয় লোকজনকে উৎসাহ জোগান।
আনোয়ার বলেন, ইকরতাড়া এলাকায় বাঁধটি মেরামতে পাউবোর পক্ষ থেকে ২০০ বস্তা বালু সরবরাহ করা হয়েছে।
নওগাঁর পাউবো সূত্র বলছে, নওগাঁয় ছোট যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল বিকেল চারটায় এই নদীর পানি বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে জেলায় আত্রাই নদের পানিপ্রবাহ গত বুধবারের চেয়ে গতকাল কিছুটা কমেছে।