১০ ঘণ্টার ৬ ঘণ্টাই লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতার, তারাবি ও সাহরির সময় কেন্দুয়ায় বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা নিত্যদিনের। প্রতিদিন সন্ধ্যা থেকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলে এখানে। বিদ্যুৎ না পেয়ে সবাই অতিষ্ঠ। দুঃসহ এ যন্ত্রণা থেকে মুক্তি চান কেন্দুয়াবাসী।
স্থানীয় বাসিন্দারা বলছেন, অব্যাহত লোডশেডিংয়ের কারণে তাঁদের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। ছেলেমেয়েদের পড়াশোনার বারোটা বেজেছে। শুধু শুধুই বিদ্যুতের বিল দিচ্ছেন তাঁরা।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যুতের চাহিদা বেশি। কিন্তু সরবরাহ খুবই কম। তাই লোডশেডিং বেড়েছে।
গত শনিবার সন্ধ্যায় বরাবরের মতো ইফতারের আগে বিদ্যুৎ চলে যায়। টানা প্রায় চার ঘণ্টার লোডশেডিং চলার পর বিদ্যুতের দেখা মেলে রাত ১০টা ১০ মিনিটে। এক ঘণ্টা পর রাত ১১টা ১০ মিনিটে আবার বিদ্যুৎ চলে যায়; আসে ১২টা ২৩ মিনিটে। আবার ২টা ২৭ মিনিটে লোডশেডিং শুরু, চলে ২টা ৪২ মিনিট পর্যন্ত। এর ৩ মিনিট পর ২টা ৪৫ মিনিটে বিদ্যুৎ চলে গিয়ে আসে ভোর পৌনে চারটায়। এভাবে ১০ ঘণ্টার রাতে ছয় ঘণ্টাই বিদ্যুৎ ছিল না।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের এ উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকের সংখ্যা প্রায় ২৮ হাজার, যা কয়েক বছরে দ্বিগুণ হয়েছে। তা ছাড়া নতুন গ্রাহক দিন দিন বেড়ে চলেছে। নতুন সংযোগ বাড়লেও সে অনুযায়ী বিদ্যুতের সরবরাহ মিলছে না।
সূত্রটি জানায়, উপজেলার আটিগ্রাম এলাকায় স্থাপিত ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভির ছয়টি মূল লাইনের (ফিডার) মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার কথা। কিন্তু চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় তা সম্ভব হচ্ছে না। ফলে একটি বা দুটি ফিডার চালু রেখে বাকিগুলো ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে। এতে উপজেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎহীন থাকে। তাতে দুর্ভোগ পোহান কয়েক হাজার গ্রাহক।
পল্লী বিদ্যুতের সাহিতপুর অভিযোগকেন্দ্রের দায়িত্বে থাকা (ইনচার্জ) লাইনম্যান জয়েনউদ্দিন বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় একসঙ্গে কয়েকটি ফিডার ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে। গতকাল রোববার সকালেও মাত্র উপজেলা সদরের ফিডারটি চালু রেখে বাকি পাঁচটি ফিডারই বন্ধ রাখতে হয়েছে। এতে বিভিন্ন এলাকা টানা লোডশেডিংয়ের কবলে পড়ে।
যোগাযোগ করলে পল্লী বিদ্যুৎ কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মোশাররফ হোসেন বলেন, ময়মনসিংহের শম্ভুগঞ্জ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।