ঝালকাঠি সদর হাসপাতালের ১০ জন চিকিৎসককে যথাসময়ে হাসপাতালে উপস্থিত না হওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সিভিল সার্জন আবদুর রহিম চিকিৎসকদের এ কারণ দর্শানোর নোটিশ দেন।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া চিকিৎসকেরা হলেন ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক খোরশেদ আলম, মৃণাল কান্তি বন্দ্যোপাধ্যায়, আরিফুর রহমান, দীপক কির্ত্তনীয়া, কানিজ ফাতিমা, দিলসাদ হোসেন, তোফাজ্জেল হোসেন, ইশিতা দাস, তামান্না পারভিন ও মনিরা ইয়াসমিন।
ঝালকাঠির সিভিল সার্জন আবদুর রহিম গতকাল বিকেলে বলেন, ঈদের ছুটির পর গতকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত যেসব চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত ছিলেন, তাঁদের কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে এ নোটিশ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, নোটিশ পাওয়া চিকিৎসকেরা রোববার হাসপাতালে উপস্থিত ছিলেন। তবে বিলম্বে অফিসে আসায় তাঁদের সতর্ক করা হলো।