১০ চিকিৎসকের ৮ জনই অনুপস্থিত!
৫০ শয্যার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন ১০ জন। এর মধ্যে আজ শনিবার সকালে আটজনই অনুপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে মাত্র দুজন চিকিৎসককে নির্ধারিত সময়ে কর্মস্থলে পেয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন (সিএস)।
অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. আবদুল্লাহ ও ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসানও রয়েছেন।
দুজন প্রত্যক্ষদর্শী বলেন, সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি সকাল নয়টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। ওই সময় ওই কমপ্লেক্সে কর্তব্যরত ১০ জন চিকিৎসকের মধ্যে মাত্র দুজনকে উপস্থিত থাকতে দেখেন। তাঁরা হলেন মেডিকেল কর্মকর্তা কল্যাণ সাহা ও অমিত ঘোষ।
এ ছাড়া ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চারজন নার্সের মধ্যে মাত্র একজন নার্স এবং কর্মরত ২২ জন কর্মচারীর মধ্যে একজন ঝাড়ুদার ও একজন পিয়ন উপস্থিত ছিলেন। বাকিরা কেউ উপস্থিত ছিলেন না।
পরে সিভিল সার্জন অনুপস্থিত ৮ চিকিৎসক, ৩ নার্স ও ২০ জন কর্মচারীর হাজিরা খাতায় তাঁদের অনুপস্থিত দেখিয়ে স্বাক্ষর করেন।
সরকারি নিয়ম অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসক ও কর্মচারীদের থাকা বাধ্যতামূলক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. আবদুল্লাহ, ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান এবং জরুরি বিভাগে কর্মরত চিকিৎসককেও পাওয়া যায়নি। তিনি বলেন, খবর নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা অনুমতি ছাড়া স্টেশনের বাইরে অবস্থান করছেন। তিনি বলেন, যেসব কর্মকর্তা ও কর্মচারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি, তাঁদের আজ অনুপস্থিত করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ব্যাপারে আজ বিকেল পৌনে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সিএস স্যার সকাল আটটা বাজার ৫-১০ মিনিট আগেই কমপ্লেক্সে এসেছিলেন। ওই সময় তিনি দুজন চিকিৎসককে উপস্থিত দেখতে পান।’ তিনি দাবি করেন, সকাল নয়টার মধ্যে সব কর্মকর্তা ও কর্মচারীই কমপ্লেক্সে হাজির হয়ে যান।
বিনা অনুমতিতে তাঁর স্টেশনের বাইরে অবস্থান করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমার পরিবার ঢাকায় থাকে। আমি সাপ্তাহিক ছুটির দিন ঢাকাতেই থাকি। এ বিষয়টা সিএস স্যারকে আগেই জানানো হয়েছে।’
প্রসঙ্গত এর আগে গত ৩ সেপ্টেম্বর সকাল সোয়া আটটার দিকে ফরিদপুরের সিভিল সার্জন জেলার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাসহ কর্মরত ১৬ জন চিকিৎসকের মধ্যে ১৫ জনকেই অনুপস্থিত পান। তাঁদেরও তাৎক্ষণিকভাবে অনুপস্থিত করাসহ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।