নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১০ চেয়ারম্যান পদপ্রার্থীকে আওয়ামী লীগের সাংসদ মো. নজরুল ইসলাম ও তাঁর সহযোগীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।গতকাল রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থীরা এই অভিযোগ করেন। এই ১০ চেয়ারম্যান পদপ্রার্থী অনানুষ্ঠানিকভাবে স্থানীয় বিএনপির সমর্থন পাচ্ছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফতেহপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহীদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সহসভাপতি ও আড়াইহাজার থানা বিএনপির সভাপতি মো. বদরুজ্জামান খসরু।অভিযোগ সম্পর্কে নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. নজরুল ইসলাম বলেন, ‘তাঁদের অভিযোগ সত্য নয়। আমি চাই আমার সংসদীয় এলাকায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হোক।’আগামী ২৩ জুন আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন হবে।সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থীরা অভিযোগ করেন, মনোনয়নপত্র দাখিল করতে গেলে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবুর নির্দেশে আওয়ামী লীগের লোকজন তাঁদের নানাভাবে হুমকি ও বাধা দেন। বাধা উপেক্ষা করে মনোনয়নপত্র দাখিল করলে ফতেহপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহীদুল্লাহর ওপর হামলা চালানো হয়। স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে তিনি প্রাণে রক্ষা পেলেও তাঁর সহযোগী আহত হন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে নেয়নি। প্রার্থীদের অভিযোগ, বিএনপির সমর্থন পাওয়া প্রার্থীদের হামলা, মামলা, হত্যা ও গুম করার হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তাঁরা এলাকায় গিয়ে ভোট চাইতে পারছেন না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ভোটাররা যাতে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সেনাবাহিনী মোতায়েন ও পর্যাপ্তসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের প্রতি দাবি জানান ১০ চেয়ারম্যান পদপ্রার্থী।