১০ ছাত্রকে কারণ দর্শাও কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে কেন সাজা দেওয়া হবে না—সে বিষয়ে গতকাল রোববার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আগামী সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় কর্মচারী সুলতান ইসলামকে মারপিট ও বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার প্রক্টর এম এ মান্নানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ওই ঘটনার জন্য ১০ জন ছাত্রকে চিহ্নিত করে তাঁদের সাজার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি ওই ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাঁদের মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, তিনজনকে এক সেমিস্টারসহ হল থেকে আজীবন বহিষ্কার ও বাকি তিনজনকে হল থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দীন আহমেদ বলেন, ওই শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনে সাত দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নোটিশের জবাব দিতে হবে।
যে চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের সব্যসাচী রায়, একই বর্ষের ইংরেজি বিভাগের সম্রাট বিশ্বাস, গণিত বিভাগের মাহাদী হাসান এবং ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের জাহাঙ্গীর আলম। যে তিন শিক্ষার্থীকে এক সেমিস্টারসহ হল থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের মেহেদী হাসান, পরিসংখ্যান চতুর্থ বর্ষের আমীর হামজা ও গণিত দ্বিতীয় বর্ষের রহমত শরীফ। আবাসিক হল থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ পাওয়া শিক্ষার্থীরা হলেন গণিত শেষ বর্ষের নাজমুল ইসলাম, চতুর্থ বর্ষের ইমন ও অমিতাভ গাইন।
বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে মারপিট ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নামধারী জাহাঙ্গীর ও ঈশা পক্ষের মধ্যে বুধবার দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া এবং প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দুটি হলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। গতকাল সকাল থেকে তারা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন শুরু করে। দুপুরে শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত বিচারের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়।