১০ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার দুপুরে এ নোটিশ দেওয়া হয়। ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জাহাঙ্গীর ও ঈশা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ নোটিশ দেওয়া হয়। 

৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সুলতান ইসলামকে মারধর করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম এ মান্নানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ওই ঘটনার জন্য ১০ ছাত্রকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ওই ১০ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সাত দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
১০ ছাত্রের মধ্যে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সব্যসাচী রায়, একই বর্ষের ইংরেজি বিভাগের সম্রাট বিশ্বাস, গণিত বিভাগের মাহাদী হাসান এবং ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের মেহেদী হাসান, পরিসংখ্যান চতুর্থ বর্ষের আমীর হামজা ও গণিত দ্বিতীয় বর্ষের রহমত শরিফকে এক সেমিস্টার বহিষ্কার এবং হল থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গণিত শেষ বর্ষের নাজমুল ইসলাম, একই বিষয়ের চতুর্থ বর্ষের ইমন ও অমিতাভ গাইনকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
সংঘর্ষের ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সুলতান ইসলামকে মারধরের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আজ সকাল থেকে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে। তবে দুপুরে শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত বিচারের আশ্বাস দেওয়ায় পূর্বঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নুরুদ্দীন আহমেদ ১০ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছাত্রদের আত্মপক্ষ সমর্থনের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৬ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী দুটি পক্ষ জাহাঙ্গীর ও ঈশা গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দুটি হলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন।