নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০ ছাত্রের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তি
সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী বিবদমান দুটি পক্ষের ১০ জন ছাত্রের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি ক্যাম্পাসের নোটিশ বোর্ডে টাঙানো হয়। জানতে চাইলে বিজ্ঞপ্তি জারির কথা নিশ্চিত করলেও তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ছাত্র মো. ফজলুর রহমানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া ফার্মেসি বিভাগের ছাত্র আবদুল হামিদ ওরফে বাপ্পি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম ওরফে সজল ও অতনু সাহা এবং মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র অতুন সাহাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ফারুকের পাঁচ হাজার টাকা ও সুধীর কিশোর ওরফে সিনহার দুই হাজার টাকা এবং ফার্মেসি বিভাগের মাসুদুল আবদুল্লা ওরফে মাসুদ ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের দেলোয়ার হোসেন ওরফে রুবেলের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষে উত্তীর্ণ ছাত্র মো. মহসিনকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র জানায়, গত ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হলেও উপাচার্য কর্মস্থলে না থাকায় ও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নোটিশ জারি করতে দেরি করা হয়। গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী সাইদুজ্জামান ওরফে ইভান ও আবদুল হামিদ ওরফে বাপ্পি গ্রুপের সংঘর্ষ ও ছাত্রাবাসে ভাঙচুরের ঘটনা ঘটে।