১০ জঙ্গির ডেথ রেফারেন্স ও আপিলের রায় ২৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ জঙ্গির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর আজ বুধবার হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। ২৮ জুলাই রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এই মামলার শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন দেলোয়ার হোসেন, আফজাল এইচ খান ও মো. হেলাল উদ্দিন মোল্লা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির ২ নম্বর হলে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণে আটজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুক এবং চারজন বিচারপ্রার্থী। আত্মঘাতী ওই হামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আজাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ ঘটনাস্থলে মারা যান।

২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। তাঁরা হলে এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান ওরফে আকাশ, মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী, আবদুল্লাহ আল হোসাইন, নিজাম উদ্দিন রেজা, তৈয়বুর রহমান ওরফে হাসান, মো. আশরাফুল ইসলাম, মো. সফিউল্লাহ ওরফে তারেক ও আদনান সামী।

নিম্ন আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে যায়। একই সঙ্গে ফাঁসির রায়ের বিরুদ্ধে চার আসামি আপিল করেন। ১৩ জুলাই একসঙ্গে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।