১০ জঙ্গির ডেথ রেফারেন্স ও আপিলের রায় ২৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ জঙ্গির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর গতকাল বুধবার হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। ২৮ জুলাই রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার এই মামলার শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন দেলোয়ার হোসেন, আফজাল এইচ খান ও মো. হেলাল উদ্দিন মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির ২ নম্বর হলে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণে আটজন নিহত হন। তাঁরা হলেন গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুক এবং চারজন বিচারপ্রার্থী। আত্মঘাতী ওই হামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আজাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ ঘটনাস্থলে মারা যান।
বোমা হামলার এই ঘটনায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানী, আত্মঘাতী হামলাকারী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ। ২০০৭ সালের ৪ জুলাই পুলিশ ১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানী ও খালেদ সাইফুল্লাহর অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এবং হামলাকারী আজাদ ও তাঁর সহযোগী জেএমবি সদস্য মোল্লা ওমর ওরফে শাকিল মারা যাওয়ায় তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। বিচার হয় বাকি ১০ আসামির।
২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। তাঁরা হলেন এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান ওরফে আকাশ, মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী, আবদুল্লাহ আল সোহাইন, নিজাম উদ্দিন রেজা, তৈয়বুর রহমান ওরফে হাসান, মো. আশরাফুল ইসলাম, মো. সফিউল্লাহ ওরফে তারেক ও আদনান সামী।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে যায়। একই সঙ্গে ফাঁসির রায়ের বিরুদ্ধে চার আসামি আপিল করেন। ১৩ জুলাই একসঙ্গে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, ১০ জনই দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার আরজি জানানো হয়েছে। বর্তমানে ওই ১০ জঙ্গিই কারাগারে আছেন।