পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১০ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।
এ মামলায় ১৫ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির বিচার নিষ্পত্তির জন্য অতিরিক্ত মহানগর দায়রা জজ-৮-এ নথি পাঠানোর আদেশ দেন আদালত।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল পরে প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচারকাজ শুরু হলো।
এ মামলার আসামিরা হলেন কবির হোসেন, মাসুদ রানা, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, আবু সাঈদ সোলেমান, শাহজালাল, ওমর ফারুক, চান মিয়া, রুবেল, আরমান ও জাহিদ হাসান। এঁদের মধ্যে ওমর ফারুক, চান মিয়া, হাফেজ আহসান উল্লাহ ও শাহজালাল জামিনে আছেন। বাকি ছয়জন কারাগারে আটক আছেন। কারাগারে আটক ছয়জনের মধ্যে কবির হোসেন, আরমান ও জাহিদ হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসেনি দালানে জেএমবির সদস্যরা বোমা হামলা চালায়। এতে এক কিশোরসহ দুজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। সেখান থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়। ওই হামলার ঘটনায় চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। প্রথমে মামলাটি চকবাজার থানার পুলিশ তদন্ত করলেও পরে তা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। অভিযোগপত্রে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৬২ (এ বি সি ডি) ধারায় অভিযোগ আনা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, গ্রেপ্তার করা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া চারজনের জবানবন্দি এবং তদন্তে পাওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, পরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা, আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল ছিলেন ওই হামলার মূল পরিকল্পনাকারী। ১০ অক্টোবর তাঁরা বৈঠক করে হোসেনি দালানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন। বোমা হামলার সময় ঘটনাস্থলে ছিলেন জাহিদ হাসান, আরমান ও কবির। হামলার পর ওঠার জন্য কামরাঙ্গীরচরে বাসাটি ভাড়া করেন আরমান ও রুবেল। বাকি পাঁচজন বোমা হামলায় উদ্বুদ্ধ ও সহায়তা করেন। হামলায় মাসুদ রানার অংশ নেওয়ার কথা ছিল। ঘটনার আগের দিন ঢাকার বাইরে থেকে কামরাঙ্গীরচরে যাওয়ার পথে গাবতলীতে পুলিশের তল্লাশিচৌকিতে তাঁরা সহকারী উপপরিদর্শক ইব্রাহীম মোল্লাকে হত্যা করেন এবং ঘটনাস্থলে মাসুদ রানা গ্রেপ্তার হন। পরদিন রাতে হোসেনি দালানে হামলা হয়।