১০ জন বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর সূর্যসেন হল শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের সশস্ত্র হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার দশজনকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম, দর্শন বিভাগের মাস্টার্সের আবদুল হামিদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের বিদ্যুৎ​, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মিজানুর রহমান, ফিন্যান্স বিভাগের জাকির হোসেন ও সোহাগকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁদের প্রথম তিনজনকে সোমবার রাতেই আটক করে পুলিশ। প্রথম পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। তাঁদের গতকাল আদালতে নেওয়া হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের মেহেদী, সমাজ বিজ্ঞান বিভাগের রাহাত, সংস্কৃত বিভাগের পারভেজ ও নোবেল। এ ছাড়া খোকন ও মোখলেস নামের দুই শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, তাঁদের ব্যাপারে প্রাথমিক তথ্য সংগ্রহ করে হল কর্তৃপক্ষকে পূর্ণ নাম-ঠিকানা সংগ্রহ করে জানাতে বলা হয়েছে।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব সূর্যসেন হল শাখা কমিটি স্থগিত করে ১২ জনকে সংগঠন থেকে বহিষ্কার করে।  সোমবার রাত সাড়ে আটটার দিকে সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা কলাভবনের পাশের মল চত্বরে ফুটবল খেলতে গেলে সূর্যসেন হল ছাত্রলীগের সশস্ত্র নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।

নিন্দা ও প্রতিবাদ: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ এক বিবৃতিতে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন।