চট্টগ্রাম নগরে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে ১০ জন মিলে এ জোড়া হত্যাকাণ্ড ঘটান। নিহত দুই যুবকও চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
গত সোমবার খুলশী ২ নম্বর গেট এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে কামরুল হাসান (১৮) ও মোহাম্মদ ফোরকান (২০) নামে দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। দুজনেরই পায়ের রগ কাটা ছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: শাহ আলম, সাহেদ, ব্লেড বাছা ও জাহাঙ্গীর।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে শাহ আলম ও সাহেদ গতকাল বিকেলে মহানগর হাকিম নুরে আলম ভুঁঞার খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তাঁরা পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাঁরা ১০ জন মিলে কামরুল ও ফোরকানকে খুন করেছেন। এর আগে গতকাল বেলা তিনটার দিকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে শাহ আলম, ব্লেড বাছা ও সাহেদের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়।
এ সময় শাহ আলম বলেন, ঘটনার রাতে কামরুল ও ফোরকানকে ব্লেড বাছার মাধ্যমে ফোন করে ওই নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা প্রায় প্রতি রাতেই মাদক সেবন করেন। টাকার ভাগ-বাঁটোয়ারাও হয়। রাত একটার দিকে কামরুল ও ফোরকানকে রশি দিয়ে হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে দুজনের পায়ের রগ কেটে দেওয়া হয়। এরপর লাশ দুটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দিয়ে রাত তিনটার দিকে সবাই চলে যান।
নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাহেদ ও ব্লেড বাছাও এই জোড়া হত্যাকাণ্ডের অভিন্ন বর্ণনা দেন। মঙ্গলবার গ্রেপ্তারকৃত অপর আসামি জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, আসামি শাহ আলমের দুই বান্ধবী জান্নাতুল ফেরদৌস ও জান্নাত দুই যুবককে হত্যার প্রত্যক্ষদর্শী। তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে মহানগর হাকিম নুরে আলম ভুঁঞার খাসকামরায় বিচারিক জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে তাঁরা চিনতে পেরেছেন। তাঁরা হলেন: শাহ আলম, ব্লেড বাছা, সাহেদ, জাহাঙ্গীর, জীবন ও ভুট্টো। বাকি চারজনকে তাঁরা চিনতে পারেননি।
এসব ব্যাপারে কথা বলতে স্থানীয় আবুল বশর ও লেদুর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এদিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার হওয়া আসামি ব্লেড বাছাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।