১০ জন লোক কোথায় পাব: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ, ফাইল ছবি
তোফায়েল আহমেদ, ফাইল ছবি

আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাব অনুযায়ী ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে ১০ জনকে খুঁজে পাওয়া যাবে না। আজ বুধবার রাতে জাতীয় সংসদে বিএনপির নেতা জমির উদ্দিন সরকারের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিরোধীদলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন, তাতে ১০ জন করে উপদেষ্টার কথা বলা হয়েছে। এখানে সংখ্যা ভুল হয়েছে। প্রকৃত সংখ্যা ১৮ জন। বিএনপি নেতা সতর্কতার সঙ্গে উত্থাপন করলে ভালো হতো। এই ভুল হতো না।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ওই ১৮ জনের মধ্যে চারজন মারা গেছেন। খালেদা জিয়ার প্রস্তাবের পর ইতিমধ্যে দুজন অপারগতা প্রকাশ করেছেন। চারজন অসুস্থ। এ ছাড়া একজন বিএনপির উপদেষ্টা। সব মিলিয়ে এখন তো ১০ জনও নেই। তাই ওই প্রস্তাব অনুযায়ী ১০ জন লোক আমরা কোথায় পাব?’

তবে কার্যপ্রণালি বিধি অনুসারে প্রস্তাব রাখলে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। তিনি আরও বলেন, ৯৬-এর নির্বাচনের পর তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা নিয়ে বিএনপির সভানেত্রী খালেদা জিয়া, তত্কালীন সাধারণ সম্পাদকও সমালোচনা করেন। তাঁদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়। পুকুর চুরি হয়েছে বলে অভিযোগ আনেন তাঁরা। এমনকি তত্কালীন প্রধান উপদেষ্টার বাসভবনে হামলা চালান ছাত্রদল ও যুবদলের কর্মীরা। তোফায়েল বলেন, ‘২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আমাদেরও আপত্তি ছিল। তিনি খালেদা জিয়ার সঙ্গে ২০ মিনিট একান্তে বৈঠক করেন। পরে নির্বাচনে বিজয় নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়। বাস্তবেও তা-ই হয়েছিল। তাই এই দুটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই দলেরই আপত্তি রয়েছে। তাই তাঁদের দিয়ে কীভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে?’