১০ জনকে আসামি করে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে কলেজছাত্র সুহান ইসলাম (১৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। সুহানের মা ও সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় এই মামলা করেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তদন্ত কর্মকর্তা নিয়োগ করে ইতিমধ্যেই আসামি গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে।

গত রোববার দুপুরে স্কুলপড়ুয়া ছোট বোনকে নিয়ে বাসায় ফেরার পথে কুয়ারপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুহান খুন হয়। সে মদনমোহন কলেজে একাদশ শ্রেণীর ছাত্র ছিল। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ ঘটনার দিনই দুজনকে আটক করে সন্দেহভাজন হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এদিকে এই খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা। গতকাল এক বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান মেয়র আরিফুল হক চৌধুরী।