১০ জনকে জামিন, দুজনের নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের এক নিরাপত্তাকর্মীকে মারধরের মামলায় ১০ জনের জামিন মঞ্জুর এবং দুজন সাঁওতালের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক গতকাল বৃহস্পতিবার ওই আদেশ দেন।
জামিন পাওয়া ১০ জন হলেন আবদুস সোবহান, সুধীর বর্মণ, আবদুল খালেক, হবিবর রহমান, স্বপন মিয়া, রফিকুল ইসলাম, ইব্রাহিম আলী, আবদুল আজিজ, জয়নুল মিয়া ও ভিটকা মুরমু। জামিন নামঞ্জুর হওয়া দুজন হলেন গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের জয়পুর গ্রামের হোপনা মিস্ত্রির ছেলে মিখাই (৪০) ও মাদারপুর গ্রামের বার্ণাবাসের ছেলে কৃষ্ণ (৩৯)।
সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, খামারের জমিতে সেচকাজে ব্যবহারের জন্য পাইপ বসানো ছিল। ১৪ জানুয়ারি কিছু বাঙালি ও সাঁওতাল ওই পাইপ উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় ১২ জন বাঙালি ও সাঁওতালকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, ১২ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে ১০ আসামির জামিন মঞ্জুর ও দুই আসামির জামিন নামঞ্জুর করেন।