ফেনীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
ফেনীতে গত বুধবার রাতে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকারিয়া রিয়াজ চৌধুরী (৩৬), আনোয়ার হোসেন ওরফে সবুজ (৩৫) ও মো. নুরনবী (২৭)। তাঁদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গত বুধবার রাতে শহরের মহিপাল চৌধুরীবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ম্যাগাজিনসহ চারটি গুলি, ১ হাজার ৭০০ ইয়াবা বড়ি এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় জাকারিয়া রিয়াজ চৌধুরী ও তাঁর সহযোগী আনোয়ার হোসেন ও মো. নুর নবীকে গ্রেপ্তার করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, গ্রেপ্তার তিন ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।