১০ জনকে শিল্পকলা একাডেমির সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য পটুয়াখালীর ১০ ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৪ ও ২০১৫’ দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা কাজী মো. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
২০১৪ সালে সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন নাট্যকলায় শাহজাহান চৌধুরী, কণ্ঠসংগীতে স্বপন ব্যানার্জি, আবৃত্তিতে শাহজাহান খান, যন্ত্রসংগীতে গৌতম সমাদ্দার ও যাত্রাশিল্পে আমিনুল হক। ২০১৫ সালের জন্য সম্মাননা পান নাট্যকলায় মানস কান্তি দত্ত, আলোকচিত্রে শংকর লাল দাস, যন্ত্রসংগীতে জলিলুর রহমান, কণ্ঠসংগীতে আফজাল হোসেন ও লোকসংস্কৃতিতে বেগম শেলিনা মোস্তান। অনুষ্ঠানে তাঁদের সম্মাননা পদক ও পত্র দেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, এ কে এম কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি নির্মল কুমার দাসগুপ্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।