১০ জনের কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভানুকান্দা গ্রামের ১০ জন চক্রপাড়া মাঠের একটি অগভীর নলকূপের বিদ্যুৎ-সংযোগ বারবার কেটে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে ভানুকান্দা গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি ১০ কেভির একটি ট্রান্সফরমার স্থাপন করে। এই ট্রান্সফরমার থেকে চক্রপাড়া মাঠের একটি অগভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এর পর থেকেই ওই ট্রান্সফরমার থেকে এলাকার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সংযোগ পেয়ে আসছে। কিন্তু গত নভেম্বরের প্রথম সপ্তাহে সমিতির লোকজন ওই ট্রান্সফরমার থেকে অগভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ দিতে গেলে গ্রামের ওই ১০ জন মানুষ তাতে বাধা দেন। তাঁদের বাধার কারণে সমিতির লোকজন তিন দফা ফিরে যান। এরপর থানা পুলিশের সহায়তায় সমিতির লোকজন বিদ্যুৎ-সংযোগ দিলেও তাঁরা চলে যাওয়ার কিছু সময় পরই সংযোগ কেটে দেওয়া হয়। এ কারণে অগভীর নলকূপটি চালু করা যায়নি। চক্রপাড়া মাঠের চাষি রশিদ, আলিম ও রফিকুল জানান, এই অগভীর নলকূপের অধীনে আড়াই শ বিঘা জমি রয়েছে। এসব জমিতে আলু রোপণ করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ না থাকায় তাঁরা খেতে সেচ দিতে পারছেন না। দু-একদিনের মধ্যে সেচকাজ করা না গেলে আলুর খেত নষ্ট হয়ে যাবে। অগভীর নলকূপের মালিক গোলাপ জানান, ভানুকান্দা গ্রামের বাছেদ, কান্দরা, লুৎফর, সুমন, রেজাউল, আকামউদ্দিন, মান্না, বুদুন, শুকুনসহ ১০ জন ট্রান্সফরমার থেকে সংযোগ নিতে বাধা দেন। পরে পুলিশের সহায়তায় পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন এসে অগভীর নলকূপে দুবার বিদ্যুৎ-সংযোগ দেন। সমিতির লোকজন চলে যাওয়ার পরপরই তাঁরা আবার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন।শুকুন বলেন, ১০ কেভি ট্রান্সফরমারটি গ্রামের জন্য বরাদ্দ ছিল। সেই ট্রান্সফরমার থেকে একটি অগভীর নলকূপে সংযোগ দেওয়ায় তাঁরা ১০ জন বিদ্যুৎ-সংযোগ পাচ্ছেন না। এ কারণে তাঁরা অগভীর নলকূপের বিদ্যুৎ-সংযোগ কেটে দিচ্ছেন।