১০ জনের জমি কিনল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহল থেকে আজ সোমবার ১২ পরিবারের ৩৪ সদস্য ভারতে যাচ্ছেন। নীলফামারীর চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তপথে তাঁরা ভারতে যাবেন। এঁদের মধ্যে ১০ জনের জমি সরকার কিনে নিয়েছে।
এর আগে ২২, ২৩, ২৪ ও ২৬ নভেম্বর চার দফায় ৯৩টি পরিবারের ৪৫২ জন ভারতে গেছেন। সহায়-সম্পদ বিক্রি করতে না পারায় ১২ পরিবারের ৩৪ জন এর আগে ভারতে যেতে পারেননি। এসব পরিবারের ১০ সদস্য ট্রাভেল পাস পেলেও বাজারমূল্যে জমি বিক্রি করতে পারছিলেন না। এ অবস্থায় জেলা প্রশাসন প্রকৃত বাজারমূল্যে ১০ জনের কাছ থেকে ৭ একর জমি ৫২ লাখ ৫১ হাজার ৬০ টাকায় কিনেছে। গতকাল এসব জমির নিবন্ধন শেষে সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের জমির মূল্য নগদ প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন তাঁদের হাতে নগদ এই টাকা তুলে দেন। এদের মধ্যে বোদা উপজেলার বিলুপ্ত বেহুলাডাঙ্গা দোমাসু রায় (৬০) ৪ একর জমির মূল্য বাবদ ২৯ লাখ ৬৮ হাজার ৭০৪ টাকা পেয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, জেলা প্রশাসনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ দেয়। সরকারের পক্ষে প্রকৃত মূল্যে এসব জমি কেনা হয়েছে।