চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ কোটি টাকার সোনা আটকের মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়া তিন আসামিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ জুলাই।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে জানান, অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা এজাহারে থাকা তিন আসামি রহিম শিকদার, ফয়সাল ও মাহমুদুল হাসানকে অব্যাহতির আবেদন করে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। তাই রাষ্ট্রপক্ষ থেকে তিন আসামিকে বাদ না দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে আবেদন করা হয় ৫ জুন। গতকাল রোববার শুনানি শেষে বিচারক ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত।
গত ২৫ মার্চ বেলা ১১টা ১২ মিনিটে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০২৬ ফ্লাইটে তল্লাশি চালিয়ে কাস্টমস কর্মকর্তারা ৯২৩টি সোনার বার উদ্ধার করেন যাত্রীর সিটের নিচ থেকে। প্রতিটি ১০ তোলা ওজনের বারগুলোর মূল্য ৪৬ কোটি ১৫ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে গত ১২ মে অভিযোগপত্র দাখিল করেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর। অভিযুক্ত ব্যক্তিরা হলেন: ইমতিয়াজ খান, শফিকুল ইসলাম ভুঁইয়া, পিয়ারুল ইসলাম, নাহিদ তালুকদার, মহিন উদ্দিন, মনসুর ইসলাম ও মোহাম্মদ ইয়াকুব।