১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে স্কুলছাত্র ইমন হোসেন হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম এ অভিযোগপত্র গ্রহণ করেন।
গতকাল আদালতে হাজিরা দিতে আসা পাঁচজন আসামির মধ্যে দুজনের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন আয়েশা (৪০) ও তাঁর ছেলে নাহিদ (২১)।
১৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) রাজ্জাক আহম্মেদ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাদীর পক্ষ থেকে এ অভিযোগপত্রের বিরুদ্ধে কোনো নারাজি না থাকায় আদালত তা গ্রহণ করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সিরাজ (৪৫), আহম্মদ আলী (৫৫), নাহিদ (২১), খোরশেদ আলম (১৮), সেন্টু মিয়া (২৫), মন্টু মিয়া (২২), সালমা (৪২), আয়েশা (৪০), মামুন (২৪) ও হুসনা (৪৭)।