১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তুহারা লীগ নেতা মঞ্জুর রশীদ হত্যা মামলায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঞ্জারুল হকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দীন গতকাল রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন। আগামী ১৭ ডিসেম্বর অভিযোগপত্র পর্যালোচনার দিন ধার্য করা হয়েছে।
মঞ্জুরের বাড়ি জেলার বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামে। তিনি সদর উপজেলার হামিদপুর গ্রামে বসবাস করতেন। তিনি বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন সদর উপজেলার সুলতানপুর গ্রামের বায়েজিদ, হামিদপুর গ্রামের আক্তারুজ্জামান, দায়তলা গ্রামের হাসান, ফতেপুর গ্রামের মফিজ, চানপাড়া গ্রামের মোশারফ ও গোলাম, শেখহাটির কানন, মইনুল হোসেন ও নালিয়া গ্রামের সজীব।
আদালত পুলিশের পরিদর্শক রেজাউল করীম বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত ৭ এপ্রিল সকালে বাড়ি থেকে মঞ্জুর যশোর আদালতে আসেন। ওই দিন বিকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে শহরের রবীন্দ্রনাথ সড়কের খালধার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ইজিবাইকের গতিরোধ করে। এ সময় তারা মঞ্জুর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত মঞ্জুর রশীদের স্ত্রী রওশন আরা বেগম পরদিন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।