সুনামগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনে মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছাত্তারসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমদ গত বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।সদর উপজেলার হালুয়ারঘাট এলাকায় সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছাত্তার গত ২৭ আগস্ট ভিজিএফের চাল বিতরণ করছিলেন। চাল বিতরণে অনিয়ম হচ্ছে এই অভিযোগ পেয়ে বিকেলে একুশে টেলিভিশন ও সকালের খবর পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি সেজুল হোসেন, দেশ টিভির প্রতিনিধি জাকির হোসেন এবং স্থানীয় সাপ্তাহিক পত্রিকা গ্রামবাংলার কথার নির্বাহী সম্পাদক আল হেলাল সেখানে যান। তাঁরা এ বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য নিতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন।