১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত শনিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল রোববার সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। সংগঠন সূত্রে জানা গেছে, গতকালের সভায় সংগঠন থেকে চারজনকে স্থায়ীভাবে, তিনজনকে ছয় মাসের জন্য, দুজনকে তিন মাসের জন্য বহিষ্কার এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুকে এক মাসের জন্য সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। টিপুকে একই সঙ্গে কারণ দর্শানোর সুপারিশ করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। গত শনিবার শাটল ট্রেনে পানি ছিটানোকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হয়।সংগঠনের সহসম্পাদক কামরুল হাসান, সদস্য আরাফাত হোসেন, সাইফুল হক ও রাকিবকে স্থায়ীভাবে, অর্থ সম্পাদক আবু কায়সার রনি, সদস্য শুভ ও ইমনকে ছয় মাসের জন্য এবং সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনছুরুল আলমকে তিন মাসের জন্য সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজীম হোসেন সুপারিশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে সংঘর্ষে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে আদালতে পাঠিয়েছে হাটহাজারী থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন: ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনছুরুল আলম, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসান, বিপণনবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কামরুল হাসান, ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রূপক হাসান শাহরিয়ার এবং অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহেদুল ইসলাম।একই ঘটনায় গত শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নাজমুলকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা হামলাকারীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকালও ক্যাম্পাস-পরিস্থিতি থমথমে ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।