১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অমান্য করে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করার অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হচ্ছে বলে পরিচালনা কমিটির একজন সদস্য স্থগিতাদেশ চেয়ে মামলা করেন।বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমি হাইস্কুলের (বিএইচপি একাডেমি) পরিচালনা কমিটির সভাপতি দীপংকর বিশ্বাস এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির বিরুদ্ধে বরিশালের আগৈলঝাড়া সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। সদস্য পরেশ চন্দ্র রায় মামলার বাদী। মামলা দায়েরের পর আদালত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেন।মামলার বিবরণে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমি হাইস্কুলে পাঁচজন সহকারী শিক্ষক ও একজন গ্রন্থাগারিক পদের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে আবেদনকারীদের নামে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র ছাড়া হয়। ২৬ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়।ওই নিয়োগ-প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে স্কুল পরিচালনা কমিটির সদস্য পরেশ চন্দ্র রায় বাদী হয়ে বরিশালের সহকারী জজ আদালতে বুধবার দীপংকর বিশ্বাসকে প্রধান আসামি ও যতীন্দ্রনাথ মিস্ত্রিসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। বিচারক মো. আলামীন ওই দুজনকে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন এবং মামলা চলাকালে নিয়োগ-প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেন। পরেশ চন্দ্র রায় অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ স্থগিতের আদালতের নির্দেশ হাতে পান। কিন্তু তাঁরা আদালতের নির্দেশ অমান্য করে ওই দিন বিকেলে (বৃহস্পতিবার) আগের তারিখ দেখিয়ে তড়িঘড়ি নিয়োগ দেন। তিনি অভিযোগ করেন, তিন লাখ টাকার বিনিময়ে গণিত বিভাগে জগদীশ চন্দ্র মিস্ত্রি, আড়াই লাখ টাকায় সামাজিক বিজ্ঞানে মো. অলিউল ইসলাম, দুই লাখ টাকায় শরীরচর্চা বিভাগে তপন সমাদ্দার, ও দুই লাখ টাকায় গ্রন্থাগারিক পদে রিপন পাণ্ডেকে নিয়োগ দেন। হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে কাজে যোগদান দেখান।গ্রন্থাগারিক পদের একজন প্রার্থী অপূর্ব লাল সরকার অভিযোগ করেন, তিনি নিয়োগ পরীক্ষায় ওই পদে প্রথম হন। কিন্তু কমিটি দুই লাখ টাকা নিয়ে পরীক্ষায় চতুর্থ স্থানে থাকা রিপন পাণ্ডেকে নিয়োগ দিয়েছে। ইউএনও ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ অস্বীকার করে বলেন, আইনের প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা হবে।