১০ জেলা থেকে ১৫৯ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে পুলিশ ও যৌথ বাহিনীর ‘বিশেষ অভিযান’ অব্যাহত রয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত ১০ জেলায় পরিচালিত অভিযানে মোট ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন বিএনপির ও ৪২ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ ছাড়া বিভিন্ন মামলার আসামি আছেন ৯৭ জন। তাঁদের সবাইকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের খবর পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা:
গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টঙ্গী থানা বিএনপির সভাপতি এস এম শাহান শাহ আলমকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল সকালে ছোট ভাইয়ের বউভাত অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয় কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদকে। তিনি কালিয়াকৈর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।
মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কে কোন দলের, পুলিশ তা জানায়নি।
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সামিয়ারপাড়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে বিএনপির ২, জামায়াত-শিবিরের ১১ ও বিভিন্ন মামলার আসামি মিলিয়ে ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরায় যৌথ বাহিনী ২৭ জনকে গ্রেপ্তার করেছে। ১৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। তাঁদের একজন নারী। বাকি ১২ জন বিভিন্ন মামলার আসামি।
যশোর জেলার আট উপজেলায় শুক্রবার জামায়াত-শিবিরের আটজনসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতের কেন্দ্রীয় শুয়রা সদস্য আজিজুর রহমান। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ১০ জন এবং নাটোর-৩ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কাজী গোলাম মোর্শেদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যজন জামায়াতের কর্মী।
গাইবান্ধায় জামায়াত-শিবিরের দুজনসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২১ জন বিভিন্ন মামলার আসামি। বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলীকে শুক্রবার রাতে সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পাশ থেকে ১০টি হাতবোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা মোস্তাফিজুর রহমান নামে জামায়াতের অপর এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়। মেহেরপুরের গাংনী থেকে বিএনপির ছয়জন এবং সদর উপজেলা থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।