১০ জেলায় আটক ২৯৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় দেশের ১০ জেলা থেকে ২৯৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ১০ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ এবং পুলিশের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ঢাকা: আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় ১০ জনকে আটকের তথ্য জানায় পুলিশ। গত ২৪ ঘণ্টায় তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, তাঁরা বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী।

খুলনা: খুলনা মহানগর এলাকায় গতকাল রাতে পুলিশের বিশেষ অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শেখ মনিরুজ্জামান। তাঁর দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজনৈতিক বিবেচনায় আটক করা হয়েছে। বাকি ৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

নড়াইল: নড়াইল সদর থানা এবং জেলার আরও তিন উপজেলা থেকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ১৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নড়াইল সদর ও কালিয়া থেকে চারজন করে, লোহাগড়া ও নরাগাতি থেকে তিনজন করে আটক করেছে পুলিশ। নড়াইল জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের চারজনকে রাজনৈতিক কারণে, অন্যদের নিয়মিত মামলায় আটক করা হয়েছে।

সিলেট: সিলেটে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ছয়জনকে সিলেট মহানগর এলাকা থেকে, বাকিদের জেলার ১১ থানাধীন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, মহানগর এলাকা থেকে আটক ছয়জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
এদিকে সিলেট জেলার ১১ থানা থেকে আটক ৩০ জন নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুবিয়াম চাকমা। তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ২০ দলের কেউ নেই।

মৌলভীবাজার (জুড়ী) : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জামায়াতে ইসলামির দুই কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, যৌথ বাহিনী গতকাল রাতে ওই দুই ব্যক্তিকে আটক করে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে এই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনকে আটক করেছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ কমিশনার কে এম আরিফুল হক জানান, এঁদের তিনজন জামায়াতের কর্মী ও একজন বিএনপির। তাঁদের নাশকতার মামলায় আটক করা হয়েছে। বাকিরা নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছেন তিনি।

চট্টগ্রাম: চট্টগ্রামে বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ জনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে আটক করা হয়েছে। চট্টগ্রাম পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার কাজী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল ইসলাম এ তথ্য জানান।

সাতক্ষীরা: সাতক্ষীরায় গতকাল রাতে বিএনপি ও জামায়াতের তিন কর্মীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

চাঁদপুর: জেলায় গত ২৪ ঘণ্টায় সাতজনকে আটক করেছে পুলিশ। আটক সবাই বিএনপির নেতা-কর্মী। এর মধ্যে চাঁদপুর সদরে তিনজন, কচুয়ায় একজন, হাজীগঞ্জে একজন, মতলব উত্তরে একজন ও মতলব দক্ষিণের একজন রয়েছেন। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

গাইবান্ধা: জেলার সাতটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ জন নেতা-কর্মীকে আটক করে যৌথ বাহিনী। এর মধ্যে গত ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাসে পেট্রলবোমা হামলা মামলার একজন আসামি রয়েছেন। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবরোধে নাশকতার আশঙ্কায় এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জন বিএনপি-জামায়াতের কর্মী। গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাঁদের আটক করা হয়। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির নয় ও জামায়াতের তিনজন নেতা-কর্মী রয়েছেন। এর মধ্যে সুবর্ণচর উপজেলা জামায়াতের সাবেক আমির মওলানা আহছান উল্লা রয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ছাড়াও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন