১০ জেলার মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জেলার মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার দফা নির্দেশনাসহ এই রায় দেন।

দেশের মহাসড়কে ‘আনফিট’ গাড়ি চলাচল যেন না করতে পারে, সে জন্য ব্যবস্থা নিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি পাওয়া গেলে মালিক ও চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

নছিমন, করিমন ও ভটভটি যেন চলাচল না করতে পারে, সে জন্য জেলা প্রশাসনের প্রতি নির্দেশনাসংবলিত একটি পরিপত্র জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি চলমান তদারকিতে থাকবে জানিয়ে আদালত ছয় মাস পরপর প্রতিবেদন দিতে বলেছেন।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি ১০ জেলার মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হলো।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।