১০ জেলায় আরও গ্রেপ্তার ২৭৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর ধরপাকড় অব্যাহত আছে। শুক্রবার রাত ও গতকাল শনিবার দেশের ১০ জেলা থেকে ২৭৬ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ শুরুর পর থেকে গতকাল পর্যন্ত এই ১০ জেলার ছয়টি থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬ হাজার ২৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় মামলায় বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীসহ ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় জানুয়ারি মাসে ২ হাজার ৮৮৭ জনকে গ্রেপ্তার করা হলো।
সাতক্ষীরায় বিশেষ অভিযানে পুলিশ জামায়াত-বিএনপির ১৩ জন কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে। নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াতের ১১ জন ও বিএনপির দুজন কর্মী রয়েছেন। সবাইকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮২।
খুলনা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১১ জন বিএনপি ও জামায়াতের কর্মী। বাকিরা বিভিন্ন মামলার আসামি। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগরের আটটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে খুলনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৮৬৯।
নোয়াখালীতে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামাল হোসেন ওরফে বোমা কামালকে (৩৫) গতকাল শনিবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ছয় কর্মীকে আটক করে পুলিশ। নোয়াখালীতে এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে।
চট্টগ্রামে ককটেল ও বোমা ফাটানোর ঘটনায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নগরের সিরাজউদ্দৌলা সড়কের দিদার মার্কেট এলাকায় ৮-১০টি ককটেল ফাটানো হয়। সেখানে প্রথমে জামায়াতের একজন কর্মী হাতেনাতে ধরা পড়েন। অন্যরা পার্শ্ববর্তী চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসায় আশ্রয় নেন। পরে মাদ্রাসা ঘেরাও করে পুলিশ জামায়াত-শিবিরের ৩৫ জনকে গ্রেপ্তার করে। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে দুটি চকলেট বোমা ফাটানোর ঘটনায় পুলিশ আরও আটজনকে আটক করে।
সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকাসহ বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো।
যশোরের কেশবপুরের হাজী মোতালেব মহিলা কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ জুলফিকার আলীকে নাশকতার মামলায় কেশবপুর থানা পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর হাজী মোতালেব মহিলা কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীকে গতকাল দুপুরে শহরের ত্রিমোহিনী মোড়ের একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে যশোর জেলহাজতে পাঠানো হয়।
গাইবান্ধার সাত উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত ১০টা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত গ্রেপ্তার করে গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত জেলায় ৩৭৮ জন গ্রেপ্তার হলো।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবুল হাশেমকে (৩৩) গতকাল ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ল্যাংটাদহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন বলেন, হাশেমের নামে ট্রাক পোড়ানো ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
কিশোরগঞ্জের বাজিতপুরে নাশকতা চালানোর উপকরণ (পেট্রল ও পাথর) বহন করার অভিযোগে যুবদলের দুই নেতাকে ধরে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়েছে। রাজশাহী নগরের রাজারহাতা এলাকায় গতকাল জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
{এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, খুলনা, সাতক্ষীরা, ভৈরব, রাজশাহী ও চট্টগ্রাম; নোয়াখালী অফিস এবং ব্রাহ্মণবাড়িয়া, সাতকানিয়া (চট্টগ্রাম), কেশবপুর (যশোর), নাটোর ও গাইবান্ধা প্রতিনিধি}