১০ জেলায় উন্নয়ন মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান নিয়ে গতকাল সোমবার সারা দেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এর অংশ হিসেবে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লাসহ ১০ জেলায় মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে।
ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠসংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে গতকাল বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম। এ ছাড়া বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান এতে অংশ নেন। মেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। এদিকে ঈশ্বরগঞ্জ, নান্দাইলসহ জেলার অন্যান্য উপজেলায়ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ। এ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়েও মেলার উদ্বোধন করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে গতকাল সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আদালত সড়ক হয়ে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে শেষ হয়। উপজেলা পর্যায়েও চলছে এই উন্নয়ন মেলা।
শেরপুর শহরের কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেটি শহর প্রদক্ষিণ করে শহীদ দারোগ আলী পৌর পার্কে মেলার মাঠে শেষ হয়। শোভাযাত্রার আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুইপ আতিউর রহমান।
সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, অতিরিক্ত জেলা হাকিম সাবেরা আক্তার প্রমুখ।
প্রধানমন্ত্রী গতকাল বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে কুমিল্লা টাউন হল মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। জেলা প্রশাসক জাহাংগীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রউফ, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।
এ ছাড়া জামালপুর, চাঁদপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা, ময়মনসিংহ ও সুনামগঞ্জ অফিস, মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)