প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বরাক নদে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে আজ সোমবার সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকা এলাকার ১০ জেলায় একযোগে মানববন্ধন। প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’ সিলেটের আহ্বানে দুপুর ১২টায় মানববন্ধন হবে। সিলেটের সুরমা নদীর তীরে দুপুর ১২টায় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় মানববন্ধনের পাশাপাশি একই সময়ে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বাইরে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য জানান, টিপাইমুখ বাঁধ হলে সবার আগে নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে। একপর্যায়ে নদী মারা যাবে। নদী রক্ষার সচেতনতায় একযোগে মানববন্ধন করে প্রতিবাদ জানানো হবে।