১০ জেলায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জেলায় দুই দিনে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী, ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৬৪ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৬০।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় গত শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাজু (২৭) ওসেলিমাবাদ গ্রামের ডলার (২২)। আহত হন শিবগঞ্জের চরপাঁকা এলাকার শাহীন আলী (১৮)।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারের দক্ষিণ পাশ এলাকায় গত শুক্রবার বিকেলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. মোশারেফ হোসেন (৫৮) ও মো. হাবিবুর রহমান (৩৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাবিবুর রহমান গ্রামীণ ব্যাংকের রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ শাখায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন। তাঁর মামা মো. মোশারেফ হোসেন বহরমপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দুজনেরই বাড়ি বহরমপুর গ্রামে।

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ সেতুর কাছে গত শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় মিরাজ খলিফা (৩৭) নামের এক অটোচালক নিহত হয়েছেন। সড়কের পাশে যাত্রী নামিয়ে বিপরীত দিকে ঘুরতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক মিরাজের ইজিবাইকে ধাক্কা দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গত শুক্রবার সন্ধ্যায় পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ার পর বাসচাপায় সাচ্চু মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। এ ঘটনায় মামলা হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে বৈশাখী মেলা দেখে বাড়ি ফেরার পথে দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোয়াজ্জেম। স্থানীয় শাপলা আইডিয়াল হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

নওগাঁর মহাদেবপুরে মাছের মোড় এলাকায় গত শুক্রবার রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রেজাউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

বগুড়ার ধুনট উপজেলার সদরপাড়া মোড়ে গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় কার্তিক চন্দ্র দাস (২৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকেলে ট্রাক্টরচালিত ট্রলিচাপায় ফাতেমা বেগম (৩২) নামের এক গৃহবধূ নিহত এবং তাঁর ছেলে মো. সাকিব (৮) ও মেয়ে ইলিমা আক্তার (৬) গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফাতেমা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পূর্ব চেঁচরী গ্রামের মো. সোহাগ হাওলাদার স্ত্রী।

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান গশ্চি মাতব্বরের টেক এলাকায় শুক্রবার রাতে মাইক্রোবাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

চট্টগ্রামের পটিয়ার জুলুরর্দীধির পাড় এলাকায় শুক্রবার রাতে বাসচাপায় মোহাম্মদ পাভেল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাস ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

কিশোরগঞ্জ সদরের লতিবাবাদ চরপাড়া এলাকায় গতকাল বিকেলে বাস উল্টে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. শুভ মিয়া (২০)। ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়।