১০ জেলায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
খুলনা বিভাগের ১০ জেলায় আজ সোমবার সকাল ছয়টা থেকে টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করবেন পরিবহনশ্রমিকেরা। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জামিনে মুক্তিসহ দুই দফা দাবিতে পরিবহনশ্রমিকেরা এ কর্মসূচির ডাক দিয়েছেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি এ কর্মসূচির ডাক দিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান।জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, ৩০ সেপ্টেম্বর ঝিনাইদহে ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভার সিদ্ধান্ত ও ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার অনুমোদনক্রমে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এতেও কাজ না হলে ২৪ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১১ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনায় অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের সভায় ৪৮ ঘণ্টা কর্মবিরতির বিষয়টি তুলে এ ব্যাপারে শ্রমিকদের সম্মতি আদায় করা হয়। এ কর্মসূচি-সংবলিত পোস্টার এরই মধ্যে সাঁটানো হয়েছে। শ্রমিকদের দাবিগুলো হলো—গ্রেপ্তার হওয়া চালক জামির হোসেনের জামিনে মুক্তি, সড়ক দুর্ঘটনার কারণে ৩০২ ধারায় মামলা দেওয়া বন্ধ ও দায়ের করা ৩০২ ধারার মামলাগুলো প্রত্যাহার করে সড়ক দুর্ঘটনা ধারা ৩০৪(খ)-তে রূপান্তর। এর আগে একই দাবিতে চুয়াডাঙ্গায় পরিবহনশ্রমিকেরা ২৫ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন।