১০ জেলায় প্রাণ গেল ১৫ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

রাজশাহীতে বেপরোয়া দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে মামা ও ভাগনে। রাজশাহীতেই আরও দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক স্কুলশিক্ষকসহ দুজনের। এই চারজনসহ ১০ জেলায় সড়কে প্রাণ হারিয়েছেন মোট ১৫ জন।

গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এই ১৫ জনসহ গত ৮৫ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৭৪২ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহীতে গতকাল তিনটি দুর্ঘটনায় নিহত হন চারজন। প্রথম ঘটনায় রাজশাহী নগরের তালাইমারী-ভদ্রা সড়কে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এতে অটোরিকশাচালক তানভীর হোসেন ওরফে বিশাল ও যাত্রী হাসিবুল ইসলাম নিহত হন। হাসিবুল সম্পর্কে তানভীরের ভাগনে। সকালে একই অটোরিকশায় তাঁরা বাসা থেকে বের হন। অটোরিকশাটি তালাইমারী সড়কে মোড় ঘোরার সময় দুই দিক থেকে আসা দুটি ট্রাকের মাঝখানে পড়ে। চাপা পড়া দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুপুরে পুঠিয়ার তারাপুর বাজারের পাশে হেলালউদ্দিন নামের এক মোটরসাইকেল আরোহীকে একটি ট্রাক ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ছাড়া বাগমারায় গত শনিবার বিকেলে স্কুল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক। নিজ বাড়ির অদূরে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। রাজশাহী মেডিকেলে নেওয়ার পর রাতে তিনি মারা যান।

গাজীপুরের শ্রীপুরে গত দুই দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এর মধ্যে শনিবার রাতে ফরিদপুর এলাকার আরএকে সিরামিক কারখানার সামনে লেগুনা থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হন। গতকাল সকালে বেড়াইদের চালা এলাকায় ট্রাক-লেগুনার সংঘর্ষে লেগুনাচালক জহিরুল ইসলাম এবং এর যাত্রী জসিম নিহত হন।

পিরোজপুরে গতকাল সকালে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের হাওলাদার বাড়ি এলাকায় বেইলি সেতুতে বাসের সঙ্গে টমটমের সংঘর্ষ হয়। বাস থেকে তড়িঘড়ি নামতে গিয়ে বেইলি সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিহত হন গৃহবধূ কুলসুম বেগম।

সিলেটের ওসমানীনগরের কালাসারা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সকালে বাসের চাপায় জসিমউদ্দিন নামের একজন মোটরসাইকেলচালক ঘটনাস্থলে নিহত হন। তাঁর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

কুড়িগ্রামে সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের রসুলপুরে সড়ক দুর্ঘটনায় রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক নিহত হন। স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম থেকে রৌমারী যাওয়ার পথে তাঁর মোটরসাইকেলকে একটি ভটভটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মাগুরা সদর উপজেলার ভাবনহাটির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে বিকেলে যাত্রীবাহী একটি বাস ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাতনামা এক নারী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের কর্মীরা মাগুরা সদর হাসপাতালে পাঠান।

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে গাড়ির চাপায় শিশু মো. রিয়াদ (১২) ঘটনাস্থলে নিহত হয়।

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের প্রথম বাইপাস সড়কের চারমাথা-নিশিন্দারায় দুপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী সামছুল আলম নিহত হন। আহত হন তাঁর স্ত্রী মমতা বেগম ও বৃদ্ধা মা আফিয়া বিবি। আফিয়া বিবি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান। সামছুল বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

রংপুরের বদরগঞ্জ-রংপুর সড়কের মমিনপুরে সন্ধ্যায় একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে অটোরিকশাচালক হাফিজুল ইসলাম (৫৫) নিহত এবং অটোরিকশার ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

নওগাঁর বদলগাছির গোপালপুর-শর্মাপুর সড়কের সন্ন্যাসতলায় দুপুরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সোহাগ হোসেন নামের এক ব্যক্তি নিহত হন।