১০ জেলায় বজ্রপাতে নিহত ১৮
বজ্রপাতে বিভিন্ন স্থানে নারী, বৃদ্ধসহ ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ঝড়বৃষ্টির সময় খোলা মাঠ, কৃষিজমি ও বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:নড়াইল: বিভিন্ন উপজেলায় গত রোববার কালবৈশাখীর সময় বজ্রপাতে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের আক্কাস জমাদ্দার (২৮), লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামের আবু বক্কার শেখ (২০), সদর উপজেলার আড়পাড়া গ্রামের মানিক বিশ্বাস (৬৫) ও কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের আকরাম মোল্যা (৪০)।তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল সোমবার সকালে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন দামিহা ইউনিয়নের মাগুরী গ্রামের আক্তার হোসেন (২৮), একই গ্রামের শামীম (১৮) এবং বগারবাইদ গ্রামের রুকন উদ্দিন (৫৫)। হাওরে ধান কাটার সময় বজ্রপাত হলে তাঁরা আহত হন। পরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ): গতকাল সকালে পিংলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইজ্জত উল্লা (৪০) নামের এক শ্রমিক মারা যান। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আধরাই গ্রামের বাসিন্দা। এ সময় ফরিদ মিয়া (৪২) নামের আরেক শ্রমিক আহত হন। পাশের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তারনগাঁও গ্রামে অরবিন্দু দাশ (২৭) রোববার ভোরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।নেত্রকোনা: মদন উপজেলায় মাঘান ইউনিয়নের মাঘান হাওরে গতকাল দুপুরে ধান কাটার সময় বজ্রপাতে মজিবুর রহমান (৪৭) ও শাহজাহান আলী (৫৫) নামের দুই শ্রমিক নিহত হন। তাঁদের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। কেন্দুয়া (নেত্রকোনা): সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামে সকাল নয়টার দিকে সোহেল মিয়া (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বজ্রপাতে প্রথমে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): তারুনিয়া ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামের ইদ্রিস আলী (৪৫) নামের এক কৃষক বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন। গতকাল সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে দাফনের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।নান্দাইল (ময়মনসিংহ): দক্ষিণ চরশ্রীরামপুর গ্রামে গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঘরের ওপর বজ্রপাত হলে তোরাবানু (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে ফয়েজ উদ্দিন (৩৫) গুরুতর আহত হন। তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নালিতাবাড়ী (শেরপুর): রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): বাড়ানী এলাকায় জমিতে ধান কাটতে গেলে গতকাল সকাল ছয়টার দিকে বজ্রপাতে কামাল মিয়া (৪০) নামের এক কৃষক নিহত হন। এতে ফারুক (৩৫), সাহেদুজ্জামান (৩৫) ও আনু মিয়া নামের তিনজন আহত হন। তাঁদের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার): রাজকি চা-বাগানে গতকাল সকালে ওষুধ আনতে যাওয়ার পথে শান্তা শুক্ল বৈদ্য (২৫) নামের এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। তাঁর স্বামীর নাম মুন্না শুক্ল বৈদ্য। সকাল আটটার দিকে তিনি হেঁটে বাগানের হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথে বজ্রপাতে তিনি মারা যান। ফুলতলা ইউপি চেয়ারম্যান ফয়াজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।হবিগঞ্জ : নোয়ানগর ও শিবপাশা গ্রামের বেশ কয়েকজন শ্রমিক গতকাল সকালে পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল হাওরে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাতে লিটন মিয়া (৩০) নামের এক শ্রমিক আহত হন। তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় প্রভাত সরকার (২৬), রায়হান (২৪), জহির হোসেন (২৯) ও সেবিন মিয়া (১৬) নামের চার শ্রমিক আহত হন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): পৌর শহরের শাহপুর গ্রামে গতকাল সকালে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে শিরিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বজ্রপাতে সতর্কতাসাধারণত খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা বেশি ঘটে। বজ্রপাত শুরু হলে উন্মুক্ত স্থানে অবস্থানকারীদের ঘরবাড়িতে আশ্রয় নেওয়া নিরাপদ। তা সম্ভব না হলে বজ্রপাতের সময় উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে থাকা বা দৌড়ানো ঠিক হবে না। এ সময় মাটিতে শুয়ে বা বসে পড়ে রক্ষা পাওয়া যেতে পারে। বড় কোনো গাছের নিচে আশ্রয় গ্রহণও ঠিক নয়। কারণ, বজ্রপাতে গাছ থেকে বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কা বেশি থাকে। খোলা মাঠে অবস্থান করলেও উঁচু জায়গা বা পানিতে থাকা উচিত নয়। নৌকায় চলাচলের সময় বজ্রপাত হতে থাকলে নৌকা থামিয়ে ডাঙায় অবস্থান নেওয়া নিরাপদ।সাঈদ আহমদ, আবহাওয়াবিদ, সিলেট আবহাওয়া অধিদপ্তর