১০ জেলায় হামলা, ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের চতুর্থ দফা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন ছিল গতকাল মঙ্গলবার। এ দিন ঢাকাসহ ১০ জেলায় যানবাহনে ভাঙচুর, আগুন, সড়ক অবরোধ ও ককটেল হামলা হয়েছে। অবরোধ চলবে আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত।
গতকাল অবরোধের মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় মোসলেম উদ্দীন আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার আহত জামায়াতের কর্মী আবদুর রহমান ওরফে আবদুল মেম্বার (৪৭) মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সদর উপজেলা জামায়াতের আমির মামুনুর রশিদের দাবি, পুরানাপৈল বাজার এলাকায় গত রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আবদুর রহমান গুলিবিদ্ধ হন। তিনি জামায়াতের সক্রিয় কর্মী। ওই দিনের সংঘর্ষের ঘটনায় গতকাল পর্যন্ত জামায়াতের চারজন কর্মী নিহত হলেন। চিকিৎসাধীন আছেন আরও চারজন।
২৫ নভেম্বর তফসিল ঘোষণার পরদিন থেকে চার দফা অবরোধ দেওয়া হয়েছে। অবরোধের সঙ্গে হরতাল এবং জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে গত ২২ দিনে সারা দেশে নিহত হয়েছেন মোট ১১২ জন।
কুপিয়ে জখম, মারধর: গতকাল বেলা একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে চারটি মোটরসাইকেলে করে ৮-১০ জনের একটি দল ছাত্রলীগের নেতা সৈকত চন্দ্রের ওপর হামলা চালায়। তিনি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ও সংগঠনের মহানগর তথ্য ও গবেষণা সম্পাদক। গুরুতর অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা শিবিরের নেতা-কর্মী বলে সৈকত তাঁর সহপাঠীদের জানিয়েছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের সাথী সিনেমা হলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা বেগমের ছেলে আপেল মিয়ার মোটরসাইকেলটিও পুড়িয়ে দেন। এতে বাধা দিলে আপেল মিয়াকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমানকে গতকাল সকালে মারধর করেন অবরোধকারীরা। আক্কেলপুর-জয়পুরহাট রাস্তার পাইকড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
পেঁয়াজের ট্রাকে আগুন: অবরোধ শুরুর আগে সোমবার রাতে রাজশাহীর পবা উপজেলার কাপাসিয়া এলাকায় রাজশাহী-নাটোর সড়কে একটি পেঁয়াজবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এনায়েতুল হক জানান, রাত একটা ৫৫ মিনিটে তাঁরা ট্রাকে আগুন লাগানোর খবর পান। তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পেঁয়াজের তেমন ক্ষতি হয়নি।
ট্রাকের মালিক কামাল উদ্দিন নিজেই ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, শিবগঞ্জ থেকে পেঁয়াজ নিয়ে তিনি শ্রীপুরে যাচ্ছিলেন। কাপাসিয়া এলাকায় হামলাকারীরা তাঁর গাড়ির কাঁচ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন এবং টাকা-পয়সা ছিনিয়ে নেন।
যানবাহন ভাঙচুর, আগুন, ককটেল: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ভোরে গাছ কেটে রাস্তা অবরোধ করেন জোটের নেতা-কর্মীরা। যশোর থেকে ঢাকাগামী পানবোঝাই একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জের সলঙ্গার নলকার কামারবাড়িতে ভোরে দুটি ট্রাক ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কান্দিপাড়ায় পণ্যবাহী দুটি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। সোমবার রাতে সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হাবিব মিল্লাতের বাসভবনের সামনে ফাটানো হয় দুটি ককটেল।
সিলেট নগরের বন্দরবাজার হকার্স পয়েন্টে সন্ধ্যায় গাড়ি ভাঙচুর ও ককটেল ফাটায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ারও ঘটনা ঘটে। সিলেট-গোলাপগঞ্জ সড়কের হেতিমগঞ্জে ভাঙচুর করা হয় একটি যাত্রীবাহী বাস ও তিনটি অটোরিকশা।
পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর: গতকাল ভোর চারটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ি উপজেলা সদরের অদূরে জুনদহ সেতুর কাছে প্রথম আলো পত্রিকা বহনকারী পিকআপ ভ্যান ভাঙচুর করেছেন অবরোধকারীরা। বগুড়া থেকে রংপুরগামী ভ্যানটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং চালকের চোখে আঘাত লাগে।
হরতাল-অবরোধের আওতামুক্ত হলেও ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে গণমাধ্যমের গাড়িতে হামলা থামছেই না। এ ছাড়া গতকাল সকাল ছয়টা থেকে অবরোধের ডাক দেওয়া হলেও দুই ঘণ্টা আগেই পিকআপ ভ্যানটিতে হামলা চালানো হয়।
রাজধানীর চিত্র: ঢাকা জেলা দায়রা জজ আদালত এলাকার সামনে বেলা সাড়ে তিনটার দিকে পাঁচটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ছাড়া আরও কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নগরে যান চলাচল কম ছিল। বিপণিবিতানগুলোর বেশির ভাগই ছিল বন্ধ। তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
আজ দিনাজপুরে হরতাল: দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মো. মতিউর রহমানকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবিতে আজ বুধবার দিনাজপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।