১০ জেলের কারাদণ্ড ও অবৈধ বাদাই জাল ধ্বংস
হালতি বিলে নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ ধরার অপরাধে গতকাল বৃহস্পতিবার সকালে নাটোরের নলডাঙ্গায় ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় বাদাই জাল, সেই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহার করা ইঞ্জিনচালিত চারটি নৌকা।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল বলেন, গতকাল ভোরে উপজেলার হালতি বিলের একাংশে নির্বাহী হাকিম শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ শিকাররত ১০ জেলেকে আটক করা হয়। অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি বাদাই জাল ও চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। পরে সকালে আটক ১০ জেলের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন করের গ্রামের জামিল (২৭), আছর আলী (৪০), রহমত উল্লার ছেলে মোমিন মিয়া (৩২), নাছিম উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৪), পূর্ব মাধনগর গ্রামের জয়চন্দ্র সাহার ছেলে লিটন কুমার (২৭), নিশিচন্দ্র সাহার ছেলে প্রদীপ চন্দ্র সাহা, আনন্দ সাহার ছেলে বিশ্বজিৎ কুমার, নিরান্দ্র কুমারের ছেলে বিরেন্দ্র কুমার (৩৬), সুনিলের ছেলে সুব্রত কুমার (৪২) ও ঢাকডোলডাঙ্গাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মামুন (৩৮)। এ ছাড়া জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা নৌকাগুলো উন্মুক্ত নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।