১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল
চাল

• রোববার থেকে শুরু হচ্ছে ওএমএস।
• মোটা চালের দাম কেজিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে।

দেশের বেশির ভাগ জায়গায় বোরো ধান কাটা শেষ। ফলে বাজারে চালের জোগানে ঘাটতি নেই। আন্তর্জাতিক বাজারে চালের দামও পড়তির দিকে। কিন্তু তারপরও দেশে চালের দাম দফায় দফায় বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে এক থেকে দুই টাকা। মোটা চাল কেজিতে ৪৫ থেকে ৪৭ টাকায় উঠেছে।

সরকারি ও বেসরকারি খাতে চালের বিপুল আমদানিও হচ্ছে। কিন্তু দাম কেন বাড়ছে তার কোনো সদুত্তর নেই। এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

ডিলাররা বিক্রির জন্য চাল উত্তোলন শুরু করলেও সারা দেশে তা বিতরণ করতে আরও দু-এক দিন সময় লাগতে পারে। অতিদরিদ্র ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ওই চাল দেওয়া হবে। আগামী রোববার থেকে সারা দেশে জেলা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রমও শুরু হতে যাচ্ছে। যেকোনো ব্যক্তি পাঁচ কেজি করে ওই চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে জেলা পর্যায়ে হলেও পরে উপজেলায় ওই চাল বিক্রি কার্যক্রম শুরু করবে খাদ্য অধিদপ্তর। মূলত ট্রাকে করে ডিলাররা ওই চাল বিক্রি করবেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গরিব মানুষকে কম দামে চাল দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই দুটি কার্যক্রম চালু করতে যাচ্ছি। আশা করি এতে বাজারে চালের দামের ওপর প্রভাব পড়বে। দাম কিছুটা কমে আসবে।’

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে প্রতি কেজি মোটা চাল ৪৫ থেকে ৪৭ টাকায় বিক্রি হচ্ছে। সরু চালের দাম কেজিতে দুই টাকা বেড়ে মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় দাঁড়িয়েছে। এক মাসের মধ্যে সরু চালের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল বিতরণ করা হবে। এই কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল দরকার হবে।

২০১৬ সালে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়। কিন্তু প্রথম বছরেই চাল বিতরণ ও সুবিধাভোগী চিহ্নিত করা নিয়ে অনিয়ম দেখা দেয়। পরে সরকার থেকে দরিদ্রদের তালিকা সংশোধন করা হয়। গত বছর সেপ্টেম্বর মাসে গুদামে চাল-সংকটের কারণে খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয়। গুদামে চালের পরিমাণ ১০ লাখ টন ছাড়ানোর পর এই কর্মসূচিটি চালু করল।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া ওএমএস কর্মসূচির জন্য প্রতি ডিলারকে ১ টন করে চাল বরাদ্দ দেওয়া হবে। ইতিমধ্যে ওএমএসে ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি করছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘মানুষের চাহিদার কথা চিন্তা করে এবার আমরা খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসে উন্নত মানের সেদ্ধ চাল দেব।’

বর্তমানে সরকারের খাদ্যগুদামে প্রায় ১১ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৬৮ হাজার মেট্রিক টন গম মজুত রয়েছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ মজুত। আন্তর্জাতিক বাজারেও মোটা চালের দাম এক সপ্তাহ আগে প্রতি টন বিক্রি হয়েছে ৩৯০ থেকে ৪২০ ডলারে। এ সপ্তাহে পাঁচ থেকে ১৫ ডলার পর্যন্ত কমেছে।