১০ টাকা কেজিতে চাল পাবে ৫০ লাখ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেবে সরকার। একেকটি পরিবার বছরে পাঁচ মাস এই দামে চাল পাবে। পরিবারপ্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। গতকাল রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘হতদরিদ্রদের জন্য কর্মসূচি নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারীতে এই কর্মসূচির উদ্বোধন করবেন। “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারদের এই চাল দেওয়া হবে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই পাঁচ মাস চালের দাম কিছুটা বেশি থাকে। তাই এই সময়ে হতদরিদ্রদের কম দামে চাল দেওয়া হবে। এ ক্ষেত্রে বিধবা ও প্রতিবন্ধী নারীদের প্রাধান্য দেওয়া হবে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি আছে। সেখানে জনপ্রতিনিধিরাও রয়েছেন। তাঁরাই হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবেন। নীতিমালা অনুযায়ী তাদের চাল দেওয়া হবে। এখন থেকে প্রতিবছর ১০ টাকা কেজি দরের এই চাল পাঁচ মাস দেওয়া হবে। এখন থেকে টিআর ও কাবিখায় খাদ্যশস্যের পরিবর্তে টাকা বিতরণ করা হবে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ক্ষেত্রে ডিলারদের কাছে ওই চাল সাড়ে আট টাকা কেজি দরে দেওয়া হবে। তাঁরা হতদরিদ্রদের কার্ডের ভিত্তিতে ১০ টাকা কেজি দরে চাল দেবেন। এ জন্য সাড়ে সাত লাখ টন চাল বণ্টন করা হবে। আর এতে সরকারকে অতিরিক্ত ২ হাজার ১৩৭ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।