১০ টাকা কেজির চাল পাননি ১১৫ দুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিলার নিয়োগে বিলম্বের কারণে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল পাননি খাদেরগাঁও ইউনিয়নের ১১৫ জন হতদরিদ্র। গত ২১ সেপ্টেম্বর থেকে ওই চাল পাওয়ার কথা ছিল তাঁদের।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য উপজেলার ছয় ইউনিয়নে ১৩ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ১২ জন ডিলার গত ২১ সেপ্টেম্বর থেকে তাঁদের নির্ধারিত এলাকায় কার্ডধারী হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছেন। কিন্তু উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ডিলার নিয়োগে বিলম্ব হয়। এতে ওই ওয়ার্ডের ১১৫ জন দুস্থ এখনো চাল পাননি।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মহিউদ্দিন বলেন, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ডিলারশিপ পাওয়ার জন্য নারায়ণপুর গ্রামের কাজী হান্নান ও ডিএইচ আলী নামের দুই ব্যক্তি আবেদন করেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ডিএইচ আলীকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। কাজী হান্নানকে ডিলার নিয়োগ দেওয়ার কিছুদিন পর তিনি বিদেশে চলে যান। যোগ্য ও আগ্রহী লোক না পাওয়ায় ওই ওয়ার্ডে নতুন করে ডিলার নিয়োগ করা হয়নি। এ জন্য সেখানকার ১১৫ জন ১০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাননি।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আরও বলেন, ওই ওয়ার্ডে গত বৃহস্পতিবার শাহ মোয়াজ্জেম শেখ নামে এক ব্যক্তিকে ডিলার নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে শাহ মোয়াজ্জেম বলেন, আগামী মঙ্গলবার থেকে ওই ১১৫ জনের কাছে চাল বিক্রি শুরু করবেন।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, চাল না পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে । ইউএনও শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।