১০ টাকা কেজির চাল পেলেন ইউপি সদস্য!
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল পাওয়ার কার্ড পেয়েছেন একজন ইউনিয়ন পরিষদ সদস্য। এই কার্ডের বিপরীতে ইতিমধ্যে তিনি সেপ্টেম্বর মাসের বরাদ্দের ৩০ কেজি চাল উত্তোলন করেছেন।
উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবু সালাম এ কার্ড পেয়েছেন।
সম্প্রতি সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে দরিদ্র মানুষের কাছে চাল বিক্রির প্রকল্প হাতে নেয়। এ সুফলভোগীর তালিকায় তাঁর নাম আছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খাদ্য অধিদপ্তর এ তালিকা তৈরি করে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য আবু সালাম নিজের নামে কার্ড বরাদ্দ নেওয়া এবং প্রথম কিস্তিতে ৩০ কেজি চাল উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘সামান্য কিছু জমিজমা থাকলেও আমি অভাবে আছি। অভাবের কারণেই নিজের নামে একটা কার্ড বরাদ্দ নিয়েছিলাম।’ কিন্তু প্রথম কিস্তির চাল উত্তোলনের পর বিষয়টি অনেকেই জেনে যাওয়ায় এ নিয়ে কথা ওঠে। এ কারণে তিনি উপজেলা খাদ্য কর্মকর্তাকে বলেছেন কার্ডটা বাতিল করে দিতে।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কোনো ইউপি সদস্যের নামে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্ড বরাদ্দের বিষয়টি তাঁর জানা নেই।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শরিফুন্নেছা বলেন, বিষয়টি জানার পর উপজেলা খাদ্য কর্মকর্তা ওই সদস্যের কার্ডটি ফেরত নিয়েছেন। ওই ইউপি সদস্যের কাছ থেকে সেপ্টেম্বর মাসে উত্তোলন করা ৩০ কেজি চালও ফেরত নেওয়া হবে।