১০ টাকা কেজির চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
নীলফামারীতে ১০ টাকা কেজির চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সুবিধাভোগীদের হাতে কার্ড ও চাল তুলে দিয়ে ওই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, সরকার বাজারের দামে চাল কিনে প্রত্যেক কেজিতে ২৫ থেকে ৩০ টাকা ভর্তুকি দিচ্ছে। শেখ হাসিনা বলেছিলেন, এ দেশের মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন। তখন খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনার মাথা খারাপ হয়েছে। কিন্তু শেখ হাসিনা তাঁর দেওয়া প্রতিশ্রুতি পালন করছেন।
দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, ‘তালিকা প্রণয়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর হয়ে আমি বলব, আপনারা কেউ কোনো অনিয়ম করবেন না।’
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।