১০ টাকা কেজির চালের কার্ড পেলেন প্রবাসীরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রবাসী ও সচ্ছল পরিবারের সদস্যদের কার্ড দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্ড প্রণয়নে স্বজনপ্রীতি, চাল বিক্রিতে অনিয়ম, ওজনে কম, সচ্ছল ও প্রবাসীদের কার্ড দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে যাচাই-বাছাই করার বিধান থাকলেও ডিলার নিয়োগের ক্ষেত্রে তা মানা হয়নি। এ ছাড়া একই পরিবারের একাধিক সদস্যের নামে টিসিবির ডিলারিশপ থাকা সত্ত্বেও আরও একজন খাদ্যবান্ধব কর্মসূিচর ডিলারশিপ পেয়েছেন। ৫০০ কার্ডধারীর বিপরীতে একজন করে এখানে ২৭ জনকে ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১২ জনকে। যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মী।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রৌমারীর ৬টি ইউনিয়নে ১৪ হাজার ৫৯৪ জন হতদরিদ্রের নামে ১০ টাকা কেজির চাল বিক্রির সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে উপজেলায় ৪৩৭ দশমিক ৮২ মেট্রিকটন চাল বিক্রি করা হবে। একজন কার্ডধারী মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন। বিধি অনুসারে সপ্তাহে তিন দিন—শুক্র, শনি ও মঙ্গলবার ইউনিয়নের নির্বাচিত ডিলারের কাছ থেকে এই চাল সংগ্রহ করা যাবে। চাল বিতরণের সময় উপজেলা প্রশাসন কর্তৃক মনোনীত ট্যাগ কর্মকর্তা উপস্থিত থাকবেন।
রৌমারী সদর ইউনিয়নে দেখা গেছে, প্রবাসীদের নামেও কার্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন মাহুজল (২৫৪৪০), মাহুবর (২৯৪৮), রফিকুর (২৯৭৫) ও হারুন (২৮৩১)। এ ছাড়া একই পরিবারে একাধিক কার্ড রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকা সত্ত্বেও কার্ড পেয়েছেন আবু সাইদ (২৫৫৯), বাচ্চু মিয়া (২৭১৭), মুন্টু মিয়া, খলিলুর রহমান, চায়না (২৪৮৫) ও কাইয়ুম (৩৩৫)।
যাদুরচর ইউনিয়নে দেখা যায়, ডিলারের একটি দোকানে কিছু চালের বস্তা নিয়ে দুই ব্যক্তি বসে আছেন। এক ব্যক্তি বালতি দিয়ে চাল মেপে দিচ্ছেন। বালতি দিয়ে চাল মাপছেন কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘বালতি মাপা আছে, সমস্যা নাই।’
বন্দবের ইউনিয়নের ডিলার আবদুল আলিম ও শৌলমারী ইউনিয়নের ডিলার জাবেদ আলীর কাছে গিয়ে দেখা যায়, ছোট একটি টিনের ঘরে বসে চাল বিতরণ করছেন তাঁরা। ভালো চালের সঙ্গে নিম্নমানের চাল মিশিয়ে সুবিধাভোগীদের দিচ্ছেন তাঁরা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের বলেন, তালিকায় ৮০ শতাংশ সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউর ইসলাম বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যারা এসব অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করবে, তাদের ছাড় দেওয়া হবে না।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ফিরোজ আহম্মদ মোস্তফা বলেন, তালিকায় ধনী ব্যক্তির নাম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তালিকা সংশোধন ও নতুনভাবে ১৫ জন ডিলারসহ নতুন ১৯০৯ কার্ড বরাদ্দ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাল নিতে না আসায় ২১৫টি কার্ডের চাল ফেরত দিয়েছে কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি একাধিক মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চেযারম্যানদের ইতিমধ্যে তালিকা সংশোধন ও নতুনভাবে কার্ড বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে।’
স্থানীয় সাংসদ রুহুল আমিন বলেন, ‘প্রয়োজনে এসব তালিকা পরির্বতনসহ নতুনভাবে ডিলার নিয়োগের ব্যবস্থা করা হবে।’ সাবেক সাংসদ জাকির হোসেন বলেন, ‘চাল নিয়ে চালবাজি চলবে না।’