১০ টাকা কেজির ৩০ বস্তা চাল জব্দ দুজনকে জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল বুধবার ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চাল মজুত করার সময় তা জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে গতকাল উপজেলার বামণ গ্রামের শাহজাহান আলীর বাড়ি থেকে ওই ৩০ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার দুর্গানগর ইউনিয়নের ডিলার আতিয়ার রহমান ও দুর্গানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফছার আলীর ব্যক্তিগত মোটরসাইকেলচালক রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দুজনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। চালগুলো জব্দ করে থানায় এনে রাখা হয়েছে।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।