১০ টাকা হচ্ছে শিপিং করপোরেশনের শেয়ার
বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারকে ১০ টাকায় রূপান্তর করতে বাংলাদেশ শিপিং করপোরেশন বিল ২০১৭ আজ রোববার সংসদে সংসদে উত্থাপিত হয়েছে।
বিলটি সংসদে উত্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটি আইনে পরিণত হলে ১৯৭২ সালের ‘বাংলাদেশ শিপিং করপোরেশন অর্ডার’ রহিত হবে।
বর্তমানে শিপিং করপোরেশনের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, করপোরেশনের অনুমোদিত মূলধনের পরিমাণ হবে অন্যূন এক হাজার কোটি টাকা, যা প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। করপোরেশনের পরিশোধিত মূলধন হবে ন্যূনতম ৩৫০ কোটি টাকা, যা ৩৫ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।
বিলে বলা হয়েছে, করপোরেশনের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা হবে ন্যূনতম ৭ এবং সর্বোচ্চ ১৩ জন।