১০ টাকার চাল ওজনে কম দেওয়ায় ডিলারকে জরিমানা
খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার তাঁকে জরিমানা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত সুবিধাভোগীদের কাছে ওই ইউনিয়নের আসমা বাজারের ডিলার সাইদুর রহমান ওজনে কম দিয়ে চাল বিক্রি করেছেন বলে অভিযোগ পান বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খান। ওই অভিযোগ পেয়ে তিনি গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান। এ সময় কার্ডধারীদের কাছে বিক্রি করা বেশ কিছু বস্তা ওজন করে ৩০ কেজির স্থলে ২৪ থেকে ২৬ কেজি করে পান তিনি। এ পরিস্থিতিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ডিলার সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।