১০ টাকার জন্য গরম রডের ছ্যাঁকা!
শিশুটির বয়স মাত্র আট বছর। এ বয়সেই মুখ বেঁধে তাঁর শরীরের বিভিন্ন অংশে গরম রড দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। মাত্র ১০ টাকা চুরি করার অভিযোগ তুলে তার সৎমা এই অমানবিক নির্যাতন চালিয়েছেন। জয়পুরহাটের আক্কেলপুরে ১০ জুন এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নির্যাতনের শিকার ওই শিশুটির নাম শারমিন আখতার। তার বাবার নাম সিরাজুল ইসলাম। তাদের বাড়ি আক্কেলপুরের মোহনপুর গ্রামে। শারমিনের বয়স যখন মাত্র দেড় বছর, তখন তার মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। কিছুদিন পর তার বাবা একই গ্রামের তফির উদ্দিনের মেয়ে আফরোজাকে বিয়ে করেন। দেড় বছর আগে সিরাজুল ইসলাম বিদেশ চলে যান। শারমিন তার সৎমায়ের কাছে থেকে যায়।এলাকাবাসী জানান, ১০ জুন আফরোজার বাবার পকেট থেকে ১০ টাকা চুরি হয়। এ ঘটনায় আফরোজা সন্দেহ করে শারমিনকে ডেকে রান্নাঘরে নিয়ে যান। তিনি সেখানে গরম রড দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেন। এ সময় শারমিন যাতে চিৎকার করতে না পারে সে জন্য তার মুখ বেঁধে রাখা হয়।এলাকাবাসী আরও জানান, ১২ জুন সকালে শারমিন খালি গায়ে ময়লা ফেলতে বাইরে আসে। এ সময় ছ্যাঁকার দাগ দেখে প্রতিবেশীরা তার কাছে বিষয়টি জানতে চায়। পরে শারমিন তাদের কাছে তার সৎমায়ের নির্যাতনের কথা বলে দেয়।বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পিন্টু ও শারমিনের ফুফু জামেনা আখতার তাকে আফরোজাদের বাড়ি থেকে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জামেনা সোমবার আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।গত বৃহস্পতিবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শারমিন সেখানে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন স্থানে ১১টি ছ্যাঁকার চিহ্ন দেখা গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মোত্তালেব মণ্ডল জানান, শারমিনের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকার চিহ্ন রয়েছে। কয়েক দিন পর সে পুরোপুরি সুস্থ হবে।আফরোজা সৎ মেয়ে শারমিনকে চুরির অপরাধে ছ্যাঁকা দেওয়ার কথা স্বীকার করেছেন।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান জানান, তাঁরা শিশু নির্যাতনের ঘটনায় দেওয়া লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়েছেন। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর সেটি মামলা হিসেবে নেবেন।