১০ টাকার তিন লাখ ব্যাংক হিসাব স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে কৃষকের ১০ টাকার হিসাব আছে তিন লাখের বেশি। এর মধ্যে ১১ থেকে ১৬ হাজার ব্যাংক হিসাব সচল থাকে আউশ মৌসুমে। অবশিষ্ট প্রায় দুই লাখ ৯০ হাজার ব্যাংক হিসাব স্থবির হয়ে আছে।
যশোরের কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি ভর্তুকির টাকা উত্তোলনের পাশাপাশি কৃষকদের সাধ্যমতো ব্যাংক হিসাবে সঞ্চয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালের ১৭ জানুয়ারি কৃষকদের জন্য ১০ টাকায় হিসাব খোলার সুযোগ করে দেয়। এর অংশ হিসেবে জেলার তিন লাখ ছয় হাজার ৯৯৯ জন কৃষক সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে ১০ টাকার হিসাব খোলেন। এ হিসাব খোলার পরপরই কৃষকদের সেচ খাতে ডিজেলে দেওয়া ভর্তুকির টাকা জমা পড়ে। কৃষকেরা সেই টাকা তোলার পর আর তেমন ব্যাংকমুখী হননি।
২০১৩ সাল থেকে আউশ মৌসুমে প্রণোদনা হিসেবে সেচ, খেত পরিচর্যা ও আগাছা দমনের জন্য ব্যাংক হিসাবে নগদ টাকা দেওয়া শুরু হয়। ওই বছর জেলার ১৫ হাজার ৮১০ জন কৃষকের ব্যাংক হিসাবে এক কোটি ৯১ লাখ ২৫ হাজার ৮০০ টাকা জমা পড়ে। চলতি বছর আউশ মৌসুমে প্রণোদনা হিসেবে জেলার ১১ হাজার ৩৪৫ জন কৃষকের ব্যাংক হিসাবে এক কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৪৬২ টাকা ৫০ পয়সা জমা হয়। বাকি হিসাবগুলো স্থবির হয়ে আছে।
অভয়নগর উপজেলার কোদলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, ‘২০১০ সালে অগ্রণী বাংকে ১০ টাকা দিয়ে একটি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খুলেছিলাম। এরপর একবার মাত্র ডিজেলে ভর্তুকির টাকা তুলেছি। আর কখনো কোনো লেনদেন করিনি। হিসাব কী অবস্থায় আছে জানি না।’ একই উপজেলার বাগদহ গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, ‘কৃষি ব্যাংকে একটি হিসাব খোলা আছে। কিন্তু লেনদেন করিনি কখনো। ওটা কী অবস্থায় আছে কে জানে।’
মনিরামপুরের বাহাদুরপুর গ্রামের গোপীনাথ বিশ্বাস বলেন, ‘ব্যাংকে হিসাব খোলার পর ডিজেলে ভর্তুকির টাকা তুলেছিলাম। আর এ বছর আউশে নেরিকা ধান চাষ করার জন্য ব্যাংকের মাধ্যমে ৬০০ টাকা পেয়েছি। এই নিয়ে মাত্র দুইবার ব্যাংকে টাকা উঠাতে গেলাম।’ একই গ্রামের গৌতম দাস বলেন, ১০ টাকার ব্যাংক হিসাব একটা আছে। কিন্তু কখনো লেনদেন করা হয়নি।
সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. সাজেদুল আলম জানান, এ শাখায় ১০ টাকার হিসাব আছে ছয় হাজার। কিন্তু লেনদেন হয় ৪৬২টিতে। অবশিষ্ট হিসাবগুলো পড়ে আছে। জনতা ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক অরুণ প্রকাশ বিশ্বাস বলেন, ‘আমাদের শাখায় ১০ টাকার মোট ব্যাংক হিসাব আছে ছয় হাজার ৫৭৫টি। কিন্তু টাকা উত্তোলন হয় মাত্র ১০ শতাংশ হিসাবে।’
যশোরের কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কৃষক চাইলে তাঁদের ব্যাংক হিসাবে লেনদেন করতে পারেন। আমরা তাঁদের ব্যাংকমুখী করার জন্য পরামর্শ দিয়ে থাকি। আউশ প্রণোদনার টাকা সরাসরি কৃষকের হাতে না দিয়ে তাঁদের ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হয়। এতে ওই ব্যাংক হিসাবগুলো সচল হয়।’