১০ টাকার বিস্কুট বিকোল ৫ হাজারে
কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে ১০ টাকার এক প্যাকেট বিস্কুট কর্মীদের মধ্যে পাঁচ হাজার টাকায় বিক্রি করলেন দলটির সভাপতি কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের সখীপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
তিন দিনের অবস্থান কর্মসূচির পর গতকালের সমাবেশ অনুষ্ঠিত হয় কৃষক শ্রমিক জনতা লীগের। অবস্থান চলাকালে গতকাল সকালে মরিয়ম বেগম নামের স্থানীয় এক বৃদ্ধা কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করে তাঁকে ১০ টাকা দামের এক প্যাকেট বিস্কুট কিনে দেন। কাদের সিদ্দিকী ওই বিস্কুট না খেয়ে বিকেলে কর্মী সমাবেশে সেটি নিলামে বিক্রির ঘোষণা দেন। ৫০ টাকা দিয়ে শুরু হয় নিলাম। একপর্যায়ে দাম ওঠে পাঁচ হাজার টাকা। কৃষক শ্রমিক জনতা লীগের যুব সংগঠন যুব আন্দোলনের সখীপুরের কালিয়া ইউনিয়ন সভাপতি মো. সেলিম মিয়া প্যাকেটটি পাঁচ হাজার টাকায় কিনে নেন। কাদের সিদ্দিকী ওই টাকা তাঁর কর্মসূচির দান বক্সে জমা দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, রফিকুল ইসলাম প্রমুখ।